পুবের কলম,ওয়েবডেস্ক: হিন্দু দেবদেবীদের নিয়ে সোশাল মিডিয়া পোস্ট   করা বা শেয়ার করার পর বিপদে জড়িয়ে পড়ার আরও এক ঘটনা সামনে এল। এলাহাবাদ হাইকোর্ট আসিফের বিরুদ্ধে মামলা খারিজ করতে অস্বীকার করল এই যুক্তিতে যে লর্ড শিবার নামে এক পোস্ট তার শেয়ার করায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন হতে পারে। আসিফের বিরুদ্ধে পুলিশ মামলা দেয় আইপিসির ১৫৩এ, এবং ২৯৫এ ধারায়।

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে  আঘাত করা হয়েছে এই অভিযোগ আনা হয় আসিফের বিরুদ্ধে। আসিফ ফেসবুকে একটি পোস্ট করে শেয়ার করেছিল।
সেই পোস্টটিতে হিন্দুদের  দেবতা শিব নিয়ে নাকি আপত্তিকর মন্তব্য ছিল। আদালত মনে করে যিনি পোস্ট করেছেন আর যিনি শেয়ার করেছেন উভয়ই অপরাধী। হিংসা সৃষ্টি করাই উদ্দেশ্য ছিল।

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির অভিমত এই ধরনের অপরাধ ছড়িয়ে  পড়ুক তার অনুমতি দেওয়া যায় না। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে  আঘাত লাগবে এমন কাজে দুর্বলতা দেখালে পরে আরও বড় ধরনের ক্ষতির সামনে পড়তে হবে।
তাই মামলা খারিজের আবেদন খারিজ করা হল।

উল্লেখ্য, আসিফের বিরুদ্ধে ফেসবুকে শেয়ার করা নিয়ে হিংসা বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করে এক ব্যক্তি। আসিফ হাইকোর্টে গিয়েছিল এই মামলা খারিজের দাবি নিয়ে কিন্তু এলাহাবাদ হাইকোর্ট তার আবেদন খারিজ করে দিল। আরও উল্লেখ্য যে, উগ্রপন্থী হিন্দু গোষ্ঠীর নেতারা ইদানীং ইসলাম ও মুসলিমদের সম্পর্কে বহু আপত্তিকর মন্তব্য প্রকাশ্যে করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট। বিদ্বেষ ভাষণ বন্ধে সুপ্রিম কোর্ট কড়া মনোভাব নেওয়ায় কয়েকজন উগ্রবাদী নেতা ও নেত্রীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের কড়া মনোভাব দেখার পরপরই।