পুবের কলম প্রতিবেদকঃ সাতদিনের জন্য রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল। ১ এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত ডিজিপি (প্রশাসন ও আইনশৃঙ্খলা) এই নির্দেশ জারি করেছেন। নির্দেশিকায় জানানো হয়েছে, ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত রাজ্যের কোনও পুলিশ কর্মীকে ছুটি দেওয়া যাবে না। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রাজ্য পুলিশের প্রাক্তন পদস্থ আধিকারিকরা বলছেন, দুর্গাপুজো কিংবা গঙ্গাসাগরের মতো বড় ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া এতদিন কখনও রামনবমী উপলক্ষে টানা সাতদিনের জন্য পুলিশ বাহিনীর ছুটি বাতিল হয়নি। কিন্তু কেন এমন ফরমান জারি? দু’দিন আগে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছেন, রামনবমীতে অশান্তি ছড়ানোর ছক কষা হয়েছে। তারপরই মঙ্গলবার শহরের বড় অংশ ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এ দিন তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ কর্তা।
মূলত শোভাযাত্রার পথগুলি ঘুরে দেখার পাশাপাশি পুলিশকে কী করতে হবে, সেই নির্দেশও দেন নগরপাল।আরও পড়ুন:
তবে শুধু কলকাতা নয় এবার রাজ্যের সব পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হল। একান্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না বলে সূত্রের খবর। নির্দেশিকায় রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর অফিসারদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ওই নির্দিষ্ট সময়ে ছুটি মঞ্জুর করা যাবে না। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরো পুলিশ ফোর্সকে সতর্ক রেখে ছুটির উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
আরও পড়ুন:
আগামী ৬ এপ্রিল রামনবমী উপলক্ষ্যে শহরের নানা জায়গা থেকে শোভাযাত্রা বের হবে। প্রশাসনের অনুমান, ওইদিন রাজ্যজুড়ে ২০০০-র বেশি মিছিল হবে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘সাধারণ মানুষ রাস্তায় নামবেন।
এত জনসমাগম হবে, যা সামলানো সিভিক ভলান্টিয়ার বা পুলিশ ফোর্সের পক্ষে চ্যালেঞ্জ।’আরও পড়ুন:
সেইসব মিছিল থেকে যাতে কোনও অশান্তি ছড়িয়ে না পড়ে তার জন্যই পুলিশের ছুটি বাতিল করা হল। কঠোর নিরাপত্তা বেষ্টনি তৈরি করতেই হাজারে হাজারে পুলিশ কর্মীদের নামানো হবে। আর তার জন্য প্রয়োজন প্রচুর পুলিশকর্মী। তাই এই ছুটি বাতিলের সিদ্ধান্ত বলে লালবাজার সূত্রে খবর।
আরও পড়ুন:
অন্যদিকে প্রত্যেক বছরই রামনবমীর দিন শহর কলকাতা এবং রাজ্যের নানা প্রান্তেই একাধিক সংগঠনের পক্ষ থেকে প্রতিবছর মিছিল বের হয়। তবে সামান্য কয়েকটি শোভাযাত্রা ঘিরে বারবার অশান্তি হয়েছে। এমনকি গুলিও চলেছে। সেই অশান্তির যাতে পুণরাবৃত্তি না ঘটে সেদিকেই কঠোর নজর রেখেছে রাজ্য সরকারের।
গোয়েন্দা বিভাগ ৯টি জেলাকে চিহ্নিত করেছে যেখানে অশান্তির আশঙ্কা রয়েছে বলে খবর। জেলাগুলি হল- হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর। ওইসব জেলায় বাড়তি সতর্কতা জারি হয়েছে।আরও পড়ুন:
ইতিমধ্যেই পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়ে দিয়েছেন, অস্ত্র নিয়ে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না। সমস্ত লোকাল থানাকে সে কথা জানানো হয়েছে। লোকাল থানা সংশ্লিষ্ট উদ্যোক্তাদের তা জানিয়ে দিয়েছে। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিক কড়া নজর রাখা হচ্ছে। নজরদারি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। এই বিষয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট বলেছেন, ‘ওই দিন অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বের হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’