পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোট মিটেছে। ভোটের পর নিয়ম মেনেই স্ট্রং রুমে রাখা হয়েছে ইভিএমগুলি। এবার সেই ইভিএমে কারচুপির আশঙ্কা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযোগ উঠেছে স্ট্রং রুমের ভিতরে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি। আর তাতেই কারচুপির শঙ্কা করছে ঘাস্ফুল শিবির।

এমনই অভিযোগ উঠেছে কোচবিহারে। এই অভিযোগ ঘিরে শুক্রবার স্ট্রং রুমের সামনের রাস্তায় বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। 

এদিন সন্ধ্যায় কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক কর্মীদের নিয়ে স্ট্রং‌ রুমের সামনে বিক্ষোভ করেন। তিনি অভিযোগ করেছেন, কোচবিহার পলিটেকনিক কলেজে স্ট্রং করা হয়েছে। সেখানে জমা রাখা হয়েছে ইভিএমগুলি।

সেখানে নজরদারি করার জন্য যে সিসিটভি রয়েছে তাতে সমস্যা দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, মাঝে মধ্যেই সেখানকার সিসিটিভি বন্ধ হয়ে যাচ্ছে। তিনি আশঙ্কা করেন, এটা ইভিএমে কারচুপি করার পন্থা হতে পারে।   

তিনি জানান, সিসিটিভির জন্য থাকা মনিটরে দিনের বেশ কিছুক্ষণের দৃশ্য দেখা যাচ্ছে না। যদিও এই দাবি উড়িয়ে দিচ্ছে বিজেপি।

এদিকে, নির্বাচন কমিশনের তরফেও এবিষয়ে কিছু জানানো হয়নি। তৃণমূলের দাবি, সিসিটিভি বন্ধ থাকার সময়ের বা মেমোরি কার্ড পরিবর্তন করার সময়ের ফুটেজ দেখাতে হবে। এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান, এটা নির্বাচন কমিশনের দেখার বিষয়। তিনি বলতে পারবেন না। তবে এটা তৃণমূলের অজুহাত ছাড়া আর কিছুই নয়।