পুবের কলম ওয়েব ডেস্ক: জনগণনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে রাজ্যজুড়ে জনগণনা শুরু হবে। চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষের জন্য থাকছে নিজে তথ্য জানানোর বিশেষ ব্যবস্থা।শুক্রবার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, এবারই প্রথম রাজ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনার কাজ পরিচালিত হবে। জনগণনার পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সরকারি সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হচ্ছে বিশেষ সহায়তা নম্বর। জনগণনা সংক্রান্ত কোনও প্রশ্ন বা সমস্যার সমাধানে রাজ্যবাসী ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি একটি নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটের মাধ্যমেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। এদিন জনগণনা নিয়ে মানুষের মনে থাকা নানা প্রশ্ন ও সংশয়ের জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণনা দেশের সাংবিধানিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। বহু বছর ধরে এই কাজ আটকে থাকায় রাজ্য পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে। এরপর দীর্ঘ সময় এই প্রক্রিয়া আর এগোয়নি। তাঁর অভিযোগ, পূর্বতন সরকারের অনীহা ও প্রশাসনিক জটিলতার কারণেই সেই কাজ থমকে ছিল। এবার নতুন করে সেই প্রক্রিয়া শুরু হচ্ছে।একইসঙ্গে জনবিন্যাসের পরিবর্তনের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অনুপ্রবেশের কারণে রাজ্যের বহু এলাকার জনসংখ্যার চিত্র বদলে গিয়েছে।
সেই কারণেও সঠিক তথ্যভিত্তিক জনগণনা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়।আরও পড়ুন:
তবে জনগণনা নিয়ে সাধারণ নাগরিকদের উদ্বিগ্ন না হওয়ার বার্তাও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই প্রক্রিয়ার সঙ্গে রাজনীতি, ধর্ম বা জাতপাতের কোনও সম্পর্ক নেই। এটি শুধুমাত্র প্রশাসনিক ও সাংবিধানিক দায়িত্ব পালন করার অংশ। তিনি আরও বলেন, রাজ্যের প্রকৃত নাগরিকদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। জনগণনার মাধ্যমে মানুষের সঠিক তথ্য নথিভুক্ত করা হবে, যাতে ভবিষ্যতের প্রশাসনিক পরিকল্পনা ও জনকল্যাণমূলক কাজ আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়। রাজ্য সরকারের দাবি, জনগণনার মাধ্যমে রাজ্যের বর্তমান জনসংখ্যার সঠিক চিত্র উঠে আসবে। আর সেই তথ্য ভবিষ্যতে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।