পুবের কলম,ওয়েবডেস্ক: ছুঁলেই খেতে হচ্ছে ছ্যাকা। আগুন দাম টম্যাটোর। সেঞ্চুরি পেরিয়েছে আগেই, টপকেছে ২০০ এর গণ্ডিও। প্রশ্ন হচ্ছে, টমেটোর দাম আকাশছোঁয়া কেন? প্রত্যুত্তরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে জানান,  টম্যাটোর দামের গ্রাফে এরকম হঠাৎ চড়াইয়ের জন্য দায়ী লাগামছাড়া তাপপ্রবাহ ও ভারী বৃষ্টি।
চলতি বছর দেশের একাধিক রাজ্য রেকর্ড পরিমাণ তাপপ্রবাহের সাক্ষী থেকেছে। যার জেরে  টম্যাটোর ফলনে ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে সরবরাহও। অন্যদিকে, দেশের বিভিন্ন টম্যাটো ফলনকারী রাজ্যে অতি ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে প্রচুর ফসল। এই দুইয়ের  ফলেই বাজারে চাহিদা অনুযায়ী টম্যাটোর  সরবরাহ অনেক কম হয়েছে।  যার জন্য দেশ জুড়ে এই সবজির দাম আকাশ ছুঁয়েছে।