জ্বালানি রপ্তানিতে স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। পেট্রল, ডিজেল এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) রপ্তানির উপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। শনিবার জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন শুল্কহার ১ জুন থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্তে পেট্রল রপ্তানির উপর শুল্ক লিটার প্রতি ৩ টাকা থেকে কমিয়ে ১.৫ টাকা করা হয়েছে।

ডিজেলের ক্ষেত্রে শুল্ক ১৬.৫ টাকা থেকে কমিয়ে ১৩.৫ টাকা এবং অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) রপ্তানি শুল্ক ১৬ টাকা থেকে কমিয়ে ৯.৫ টাকা করা হয়েছে।

তবে দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রল ও ডিজেলের উপর আবগারি শুল্কে আপাতত কোনও পরিবর্তন আনা হয়নি। ফলে সাধারণ গ্রাহকদের জন্য জ্বালানির খুচরা দামে এই মুহূর্তে সরাসরি কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল, পেট্রল, ডিজেল ও এটিএফের গড় মূল্য প্রতি দুই সপ্তাহ অন্তর পর্যালোচনা করা হয়।

সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে জ্বালানির দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় রপ্তানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার জেরে গত ২৭ মার্চ পেট্রল, ডিজেল ও এটিএফ রপ্তানির উপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক আরোপ করেছিল কেন্দ্র। সেই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে বর্তমানে পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল হওয়ায় এবং মূল্যচাপ কিছুটা কমে আসায় শুল্ক হ্রাসের পথে হাঁটল সরকার।