পুবের কলম, প্রতিবেদক:  বিগত কয়েকদিনের আলোচনার পর, কংগ্রেস রবিবার, নবরাত্রির প্রথম দিন, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ের প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করেছে। কংগ্রেস তার প্রথম তালিকায় ২৩০ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভার জন্য ১৪৪ জন প্রার্থী ঘোষণা করেছে। যেখানে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্য ইউনিট প্রধান কমল নাথকে ছিন্দওয়ারা বিধানসভা আসন থেকে, ডাঃ গোবিন্দ সিংকে লাহার বিধানসভা আসন থেকে, দিগ্বিজয়ের সিং পুত্র জয়বর্ধন সিংকে রাঘোগড় বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে। .

একইসঙ্গে, ছত্তিশগড়ের জন্য ৩০ জন প্রার্থীর একটি তালিকা ঘোষণা করেছে কংগ্রেস।

যার মধ্যে, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পাটন বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন, তাঁর ডেপুটি এবং দলের বরিষ্ঠ নেতা টি.এস. সিং দেও অম্বিকাপুর বিধানসভা কেন্দ্র থেকে এবং দুর্গ গ্রামীণ বিধানসভা কেন্দ্র থেকে তাম্রধ্বজ সাহু প্রার্থী হয়েছেন।

তেলেঙ্গানায়, কংগ্রেস ১১৯-সদস্যের বিধানসভার জন্য ৫৫ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে যার মধ্যে, ডাঃ কোটা নীলিমাকে সনথ নগর বিধানসভা কেন্দ্র থেকে, জুপল্লী কৃষ্ণ রাও কোল্লাপুর থেকে, পার্টির সিএলপি নেতা ভাট্টি বিক্রমকা মাল্লু মধুর এসসি সংরক্ষিত আসন থেকে প্রার্থী করা হয়েছে।

উল্লেখ্য, ২৩০-সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভার জন্য ভোটগ্রহণ হবে ১৭ নভেম্বর।১১৯ সদস্যের তেলেঙ্গানা বিধানসভার জন্য ভোটগ্রহণ হবে ৩০ নভেম্বর এবং ছত্তিসগড় বিধানসভার জন্য ৭ এবং ১৭ নভেম্বর তারিখে দুই ধাপে ভোটগ্রহণ হবে। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।