পুবের কলম ওয়েবডেস্ক:  মৃত্যু  হল বিশ্বের  একমাত্র  গর্ত মানবের। সেই সঙ্গে  একটি  আদিবাসী সম্প্রদায়েরও সমাপ্তি হলো। ব্রাজিলের রনডোনিয়া রাজ্যের জঙ্গলে বসবাস করা এক আদিবাসী সম্প্রদায়ের শেষ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্বের মানুষের কাছে গর্ত মানব নামে পরিচিত ছিলেন ওই ব্যক্তি।

গত ২৬ বছর ধরে ওই ব্যক্তি জঙ্গলে বসবাস করছিলেন। তার নাম জানা যায়নি। বলিভিয়া সীমান্তের কাছে তানারু আদিবাসী এলাকায় বাস করতেন তিনি। গত ২৩ আগস্ট তার খড়ের কুঁড়েঘরের বাইরে মৃতদেহ পাওয়া যায়।

তবে সেখানে সহিংসতার কোনো চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, আনুমানিক ৬০ বছর বয়সী ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

৭০-এর দশকের গোড়ার দিকে তার সম্প্রদায়ের অধিকাংশই জমি সম্প্রসারণ করতে চাওয়া পশুপালকদের হামলায় নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। ১৯৯৫ সালে ওই ব্যক্তির সম্প্রদায়ের ছয়জনকে হত্যা করা হয়।

তারপর থেকে তিনিই তার সম্প্রদায়ের একমাত্র জীবিত ব্যক্তি ছিলেন।আদিবাসী ওই ব্যক্তি গভীর গর্ত করে কখনো সেসব পশু শিকারে ব্যবহার করতেন। আবার কখনো সেগুলোতে নিজেই লুকিয়ে থাকতেন। গর্ত করার কারণেই তার নাম ‘দ্য ম্যান অব হোল’।১৯৯৬ সাল থেকে ব্রাজিলের ‘ইন্ডিজেনাস অ্যাফেয়ার্স এজেন্সির (ফুনাই) এজেন্টরা তার ওপর নজর রেখেছিল খোঁজ পাওয়ার পর। রুটিন টহল চলাকালীন ফুনাই এজেন্ট আলতাইর হোসে তার খড়ের কুঁড়েঘরের বাইরে মরদেহ দেখতে পান।