পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচন ঘিরে প্রশাসনিক রদবদল নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে তিন পাতার কড়া চিঠি পাঠিয়ে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। চিঠিতে মমতার দাবি, নির্বাচন ঘোষণার পর যেভাবে একযোগে প্রশাসন ও পুলিশের শীর্ষস্তরের আধিকারিকদের বদলি করা হয়েছে, তাতে রাজ্যের স্বাভাবিক কাজকর্মে বড়সড় ধাক্কা লেগেছে। বিভিন্ন দপ্তরে কাজ থমকে গিয়েছে বলেও অভিযোগ তাঁর।
এই পরিস্থিতিকে তিনি ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন।ভোটার তালিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ না হলেও এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম ‘বিচারাধীন’। যদিও কমিশন সূত্রে জানা যাচ্ছে, এর একটি অংশের নিষ্পত্তি হয়ে শীঘ্রই অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে। কিন্তু সেই তালিকা প্রকাশের আগেই প্রশাসনিক রদবদলে অতিরিক্ত জোর দেওয়ায় প্রশ্ন তুলেছেন মমতা— এতে কি ভোটারদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না?
চিঠিতে আরও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মার্চ-এপ্রিল মাসে প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা থাকে। এই সময়ে একসঙ্গে বহু আধিকারিককে অন্যত্র সরিয়ে দিলে জরুরি পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে। এর আগেও কমিশনের ভূমিকা নিয়ে একাধিকবার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর অভিযোগ, সেই সব চিঠির কোনও জবাব মেলেনি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, কমিশন তাঁর বক্তব্যকে কার্যত উপেক্ষা করছে।