পুবের কলম, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তৎপরতা বেড়েছে প্রশাসনের। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জেলাজুড়ে নাকা চেকিং কড়াকড়ি করেছে পুলিশ। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের সামনে থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করল বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে তাদের কাছে খবর আসে যে একটি গাড়িতে করে বড় অঙ্কের টাকা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে বিধাননগর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও ইকোপার্ক থানার পুলিশ যৌথভাবে নিউটাউন সিটি সেন্টারের কাছে ওত পেতে থাকে। একটি সন্দেহভাজন অ্যাপ ক্যাবকে আটকে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশ কর্তাদের। গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় নগদ ২৫ লক্ষ টাকা।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুরেশ ঠাকুর। তিনি গুজরাটের বাসিন্দা এবং ওই অ্যাপ ক্যাবটি চালাচ্ছিলেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থের উৎস সম্পর্কে সুরেশকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এমনকি ওই টাকার স্বপক্ষে কোনও বৈধ নথিপত্র বা কাগজপত্রও তিনি দেখাতে ব্যর্থ হন। তারপরই তাকে গ্রেফতার করা হয়।