পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানে দেবীর দর্শন সেরে বাড়ি ফেরা হল না উত্তরপ্রদেশের এটাওয়ার এক পরিবারের। বৃহস্পতিবার রাতে আগ্রার চিত্রাহাট থানা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য এবং গাড়ির চালক। ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন।
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা একই পরিবারের আটজন সদস্য একটি বোলেরো গাড়িতে চেপে গত বুধবার রাজস্থানের কাইলাদেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।

পুজো শেষে বৃহস্পতিবার রাতে তারা বাড়ির পথে রওনা দেন। রাত ১১টা নাগাদ আগ্রার চিত্রাহাট থানার অন্তর্গত পাই গ্রামের কাছে দ্রুতগতিতে থাকা গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। 
 
দুর্ঘটনার বিকট শব্দ শুনে রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন পাই গ্রামের বাসিন্দারা।
তাঁরাই প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পুলিশ আসার আগেই গাড়ির জানলার কাচ ভেঙে আটকে পড়া যাত্রীদের একে একে বের করে আনা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চিত্রাহাট থানার পুলিশ বাহিনী। আশঙ্কাজনক অবস্থায় থাকা বাকি তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
 
পুলিশের অনুমান, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ফলে চালক ক্লান্ত ছিলেন। সম্ভবত গাড়ির চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ায় স্টিয়ারিংয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সজোরে গাছে ধাক্কা মারে। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এক পুলিশ আধিকারিক জানান, পরিবারটি রাজস্থান থেকে পুজো দিয়ে ফিরছিল। চালকের অসতর্কতা বা তন্দ্রাচ্ছন্ন ভাবই এই মর্মান্তিক পরিণতির মূল কারণ বলে মনে করা হচ্ছে।