পুবের কলম, ওয়েবডেস্ক: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ও সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল গুজরাটের সুরাট। বৃহস্পতিবার সকালে সুরাটের ভারাচহা এলাকার একটি জরি কারখানায় এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ২ জন শ্রমিকের। এছাড়া আরও ৯ জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
 
স্থানীয় সূত্রে খবর, ভারাচহার ভারত নগর গোশালা এলাকায় অবস্থিত ওই জরি কারখানাটি যে বাড়িতে চলত, তার ছাদেই শ্রমিকদের থাকার ব্যবস্থা ছিল।

বৃহস্পতিবার সকালে হঠাৎই কারখানায় আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ায় শ্রমিকরা কারখানার ভেতরেই আটকে পড়েন। সিলিন্ডারগুলি থেকে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেখানে রাখা একাধিক সিলিন্ডারে একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে। প্রবল শব্দ ও আগুনের লেলিহান শিখায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু কারখানার গেট দিয়ে ঢোকা অসম্ভব হয়ে পড়ায়, দমকলকর্মীরা ছাদের টিনের শেড কেটে ভেতরে ঢোকার ব্যবস্থা করেন। এখনও পর্যন্ত মোট ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। বাকি ৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পুলিশ ইতিমাধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং কারখানা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।