ওয়াশিংটনের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটির উপর সন্দেহজনক ড্রোন দেখা গেছে। ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফোর্ট লেসলি ম্যাকনেয়ার নামক সামরিক ঘাঁটিটির ভেতরে অবস্থান করছেন।
বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি জানিয়েছেন, ড্রোনগুলো এখনো শনাক্ত করা যায়নি এবং সেগুলো কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে নিরাপত্তা সতর্কতা ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার দূতাবাসগুলোর জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে এবং দেশের অভ্যন্তরে বেশ কয়েকটি সামরিক ঘাঁটির নিরাপত্তাও জোরদার করেছে। নিউ জার্সির জয়েন্ট বেস ম্যাকগুইর-ডিক্স-লেকহার্স্ট এবং ফ্লোরিডার ম্যাকডিল এয়ার ফোর্স বেসের নিরাপত্তা স্তর বাড়িয়ে ‘চার্লি’ পর্যায়ে উন্নীত করা হয়েছে।
এর অর্থ হল, কোনো আক্রমণ বা হুমকির সম্ভাবনা রয়েছে। এর উপরের একমাত্র স্তরটি হলো 'ডেল্টা', যা তখন প্রযোজ্য হয় যখন কোনো আক্রমণ ইতিমধ্যেই ঘটে গেছে বা আসন্ন।
ফোর্ট ম্যাকনেয়ারের উপর ড্রোন দেখা যাওয়ার পর, কর্মকর্তারা রুবিও এবং হেগসেথকে স্থানান্তর করার বিষয়টিও বিবেচনা করেছিলেন। তবে, তাদের এখনও সরানো হয়নি।