রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বুলডোজার অভিযান চালানো হয়েছে। শুধু বেআইনি নির্মাণ নয়, হাওড়া ও শিয়ালদহ রেল স্টেশন চত্বরের বহু হকারকেও উচ্ছেদ করা হয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিচ্ছে গরিবরা।


রবিবার রাতে ফেসবুকে দীর্ঘ পোস্ট করে মমতা লেখেন, “বাড়িঘর থেকে শুরু করে ফুটপাথের দোকান—গরিব মানুষ রাজনৈতিক ঔদ্ধত্যের মূল্য দিচ্ছে। বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না। রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজির ভূমিকে ভয়, বলপ্রয়োগ এবং সাধারণ মানুষের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের মাধ্যমে শাসন করা যায় না।”

তিনি আরও দাবি করেন, হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান চলছে। পাশাপাশি তিলজলা ও পার্ক সার্কাস এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা বাড়ছে।

তাঁর কথায়, “যে সরকার আগে ভাঙে, পরে শোনে, সে বাংলার প্রকৃত চেতনাই ভুলে গিয়েছে। প্রকৃত অগ্রগতি নির্ভর করে রাষ্ট্র তার দুর্বলতম নাগরিকদের সঙ্গে কেমন আচরণ করছে তার উপর।” 
পোস্টের শেষদিকে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, “রাষ্ট্রে বুলডোজার কখনও শাসনের ভাষা হতে পারে না।”
মমতার এই মন্তব্যের পালটা জবাব দিয়েছে বিজেপিও। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল আমলেই রাজনৈতিক ছত্রছায়ায় বেআইনি দখলদারি ও হকার রাজত্ব বেড়ে উঠেছিল। বিজেপির বক্তব্য, “অনৈতিকভাবে এদের বসানো হয়েছিল। কিন্তু বিজেপি কোনওরকম দুর্নীতিকে প্রশ্রয় দেবে না।”