পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আগে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন সুজয় পাল। বৃহস্পতিবার সকালে এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠক প্রায় আধঘণ্টা ধরে চলে।
 
বিশেষ করে সংশোধিত ভোটার তালিকা প্রকাশের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল।

জানা গিয়েছে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর খুব শিগগিরই অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে। তার আগেই সম্ভাব্য আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে এই উদ্যোগ। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত আংশিক ভোটার তালিকায় প্রায় ৬ কোটিরও বেশি ভোটারকে ‘যোগ্য’ হিসেবে চিহ্নিত করা হলেও প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিবেচনাধীন’ রয়েছে। ইতিমধ্যেই সেই তালিকার একটি বড় অংশের নিষ্পত্তি হয়েছে এবং কাজ দ্রুতগতিতে এগোচ্ছে বলে কমিশন সূত্রে খবর।

 
প্রশাসনের আশঙ্কা, চূড়ান্ত বা অতিরিক্ত তালিকা প্রকাশের পর কিছু নাম বাদ পড়লে রাজ্যের বিভিন্ন জায়গায় উত্তেজনা বা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই আগেভাগেই প্রস্তুতি নিতে নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। হাই কোর্টের তত্ত্বাবধানে বিচারবিভাগীয় আধিকারিকরাও এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। সব মিলিয়ে, ভোটের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন যে সতর্ক অবস্থানে রয়েছে, এই বৈঠক তারই ইঙ্গিত দিচ্ছে।