ভোটের আগে প্রচার কৌশলে নতুন মাত্রা আনতে ‘ঘরের মেয়ে মমতা’ স্লোগানকে সামনে রেখে মাঠে নামছে তৃণমূল। দলীয় প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ভবানীপুর কেন্দ্র থেকে রেকর্ড ব্যবধানে জেতানোর লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে বিস্তারিত পরিকল্পনা।
২০২১ সালের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানের ধারাবাহিকতায় এ বার তৃণমূলের মূল বার্তা— “উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে।” এই লক্ষ্যেই বৃহস্পতিবার ভবানীপুরে গুরুত্বপূর্ণ বৈঠক করেন দলের শীর্ষ নেতৃত্ব।

বৈঠকে উপস্থিত ছিলেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম-সহ একাধিক নেতা ও জনপ্রতিনিধি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে সরাসরি ফোনে গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তাঁর বার্তা স্পষ্ট— সারা বছর মানুষের পাশে থাকার যে ভাবমূর্তি, সেটিকেই আরও জোরালোভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে।
প্রচার কৌশলের মূল ফোকাস রাখা হয়েছে বাড়ি বাড়ি যোগাযোগে।
প্রতিটি ওয়ার্ডে কর্মিসভা, পথসভা, মিছিল এবং বড় জমায়েতের পাশাপাশি ভোটারদের দরজায় পৌঁছে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নেতা-কর্মীরা সরাসরি মানুষের সঙ্গে কথা বলবেন এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরে লিফলেট বিলি করবেন।
ভবানীপুর কেন্দ্রে অতীতে জয়ের ব্যবধান বাড়ানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে তৃণমূল। যদিও ভোটার তালিকা থেকে বহু নাম বাদ যাওয়ার বিষয়টি সামনে এসেছে, তবুও দলীয় নেতৃত্ব আশাবাদী— আগের সব রেকর্ড ভেঙে আরও বড় ব্যবধানে জয় আসবে।
একইসঙ্গে কর্মীদের কড়া বার্তা দেওয়া হয়েছে, বিরোধীদের প্ররোচনায় পা না দিয়ে শান্তভাবে প্রচার চালাতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোই এখন তৃণমূলের প্রধান কৌশল।