পুবের কলম, ওয়েবডেস্ক: অত্যাধুনিক সমর প্রযুক্তির লড়াইয়ে এক নজিরবিহীন মোড়। মার্কিন বিমান বাহিনীর অহংকার এবং পঞ্চম প্রজন্মের সবথেকে শক্তিশালী যুদ্ধবিমান F-35 লাইটনিং ২-এ আঘাত হানার দাবি করল ইরান। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ডস কোর (IRGC) এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে এই মার্কিন স্টিলথ ফাইটার জেটকে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে।
IRGC-র সরকারি ওয়েবসাইট থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টো ৫০ মিনিটে মধ্য ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-35 জেটকে তাদের উন্নত ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আঘাত করা হয়। ইরানি বাহিনীর দাবি, তাদের ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্কের আধুনিকীকরণের ফলেই এই সাফল্য এসেছে।
মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে প্রতিরক্ষা আধিকারিকদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, একটি F-35 যুদ্ধবিমান ইরানের সারফেস-টু-এয়ার মিসাইল (SAM) হামলার মুখে পড়ার পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। তবে পাইলট সুরক্ষিত আছেন এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে সাফ জানিয়েছে, "ফাইটার জেটটির ভাগ্য এখনও অনিশ্চিত এবং তদন্তাধীন। তবে সেটির ভেঙে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।"