পুবের কলম, হাড়োয়া: রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘণ্টা বাজতেই ফের রক্ত ঝরল উত্তর ২৪ পরগনায়। ভোট ঘোষণার রেশ কাটতে না কাটতেই হাড়োয়ায় এক তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের নাম মশিউর গাজি (৩৫)। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে।


 
বৃহস্পতিবার সকালে হাড়োয়া থানার অন্তর্গত ঝুজুরগাছা গ্রামে রাস্তার পাশে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক অবস্থায় পরিচয় জানা না গেলেও, পরে জানা যায় মৃত যুবক হাড়োয়ারই গাংনিয়া এলাকার বাসিন্দা।
 
পুলিশ সূত্রে খবর, মশিউরের শরীরে ধারালো অস্ত্রের একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে।
তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়েছে বলে প্রাথমিক অনুমান। নিহতের দাদা মোতালেব গাজি বলেন, "দেহের অবস্থা খুবই খারাপ ছিল। নৃশংসভাবে কুপিয়েছে ওকে। আমার ভাই তৃণমূল করত। ওর রাজনৈতিক শত্রু তো অবশ্যই আছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।"