পুবের কলম, কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই জাতীয় নির্বাচন কমিশনের (ECI) একাধিক পদক্ষেপ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। গত ৭২ ঘণ্টায় রাজ্যের ৪৩ জন উচ্চপদস্থ আমলা ও পুলিশকর্তাকে বদলি এবং কয়েকজনকে ভিনরাজ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার আইনি চ্যালেঞ্জ জানানো হল কলকাতা হাইকোর্টে। কমিশনের এই গণ-বদলির নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।


 
শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়। আদালত সেই অনুমতি মঞ্জুর করেছে। মামলার আবেদনে মূলত কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীর প্রধান যুক্তি হল, প্রশাসনের বিভিন্ন বিভাগের শীর্ষকর্তাদের হঠাৎ ভিনরাজ্যে পাঠিয়ে দিলে রাজ্যের দৈনন্দিন ও জরুরি প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটে।
জাতীয় নির্বাচন কমিশনের মূল দায়িত্ব অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করা। কিন্তু প্রশাসনের সর্বস্তরে ব্যাপক রদবদল বা আমলাদের অন্য রাজ্যে পাঠানোর এক্তিয়ার কমিশনের আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। গত তিন দিনে ৪৩ জন আধিকারিকের বদলিকে 'অস্বাভাবিক' এবং 'নজিরবিহীন' বলে উল্লেখ করা হয়েছে।
 
জানা গিয়েছে, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি গ্রহণ করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। নির্বাচন চলাকালীন কমিশনের বিশেষ ক্ষমতার বিপরীতে রাজ্যের প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার এই আইনি লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।