পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় সংখ্যালঘু কমিশনের (NCM) অকার্যকর হয়ে পড়ে থাকা শূন্যপদগুলি পূরণ না হওয়ায় চরম অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছে, এই বিষয়ে একটি "আরও ভালো হলফনামা" (better affidavit) পেশ করতে হবে।

আদালত স্পষ্ট জানিয়েছে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের আন্ডার-সেক্রেটারি কর্তৃক পেশ করা পূর্ববর্তী স্ট্যাটাস রিপোর্টটি ছিল 'একেবারেই অস্পষ্ট ও দায়সারা'। আদালত অসন্তোষ প্রকাশ করে বলে, "ওই রিপোর্টে বলা হয়নি যে মন্ত্রক কবে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়গুলো কী কী, এবং প্রক্রিয়াটি শুরু হওয়ার পর কতদূর পর্যন্ত এগিয়েছে।"

হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, নতুন হলফনামায় নিয়োগ প্রক্রিয়ার সমস্ত খুঁটিনাটি বিবরণ দিতে হবে।

বিশেষ করে অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে তা স্পষ্ট করতে হবে। শূন্যপদ পূরণের প্রক্রিয়া কবে নাগাদ সম্পন্ন হবে, তার একটি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করতে হবে।

উল্লেখ্য, শূন্যপদের কারণে জাতীয় সংখ্যালঘু কমিশন কার্যত অকার্যকর হয়ে পড়ে রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন অভিযোগ ও ইস্যু নিষ্পত্তির জন্য এই কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতের এই নির্দেশ কেন্দ্র সরকারের ওপর বড়সড় চাপ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।