পুবের কলম ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের জন্য পিছিয়ে যাচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি। আইএসএলের সূচি অনুযায়ী ৩ মে মোহন ইস্ট ডার্বি আযোজিত হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। সেই ডার্বি পিছিয়ে হয়েছে ১৭ মে। আসলে আইএসএলের সূচি যখন ঘোষণা করা হয়, তখন রাজ্যে নির্বাচনী দামামা বাজেনি। নির্বাচন কমিশন তখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এসআইআর নিয়েও একটা চরম সংঘাত চলছিল।
তাই মনে করা হয়েছিল, হয়ত মে মাসের আগে রাজ্যে ভোট হবে না।আরও পড়ুন:
তাই সবদিক বিবেচনা করেই আইএসলের সূচি ঘোষণা করার সময় ৩ মে যুবভারতীতে ডার্বির দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন ঘোষণা করে দেয় রাজ্যে দু দফা ভোটের নির্ঘণ্ট। ২৩ ও ২৯ এপ্রিল, দু’দফায় রাজ্যে হবে ভোট। আর নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ মে। ঠিক তার আগের দিন যুবভারতীতে ডার্বি হওযার কথা।
কিন্তু পাওয়া যাবে না পর্যাপ্ত নিরাপত্তা। প্রশাসনের সঙ্গে আলোচনা করেই পালটাতে হল ডার্বির দিনক্ষণ। তবে ডার্বির দিন পালটে দিলেও সময় পালটায়নি।আরও পড়ুন:
মোহনবাগানের আরও একটি ম্যাচের দিন বদলাচ্ছে। ২৬ এপ্রিল ইন্টার কাশির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচ ছিল যুবভারতীতে। সেই ম্যাচের দিনক্ষণও বদলে যাচ্ছে।
সেটাও ভোটের কারণেই। কলকাতার মোট ১১ টি বিধানসভায় ২৯ এপ্রিল ভোট। তার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগণাও। ঠিক তার তিন দিন আগে মোহনবাগান ও ইন্টার কাশি ম্যাচ দিলে প্রশাসনিক পর্যায়ে সমস্যা হবে। তাই সেই ম্যাচের দিনও বদলে গেছে। সেটি হবে ১২ এপ্রিল।