মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই কুয়েতে বড়সড় হামলার ঘটনা সামনে এল। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর-এ ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরান-এর বিরুদ্ধে। এই হামলার জেরে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি ও সিএনএন-এর খবরে বলা হয়েছে, বুধবার কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার তথ্য নিশ্চিত করে।

দেশটির সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আঘাত হানার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি অভিযোগ করেন, ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এই ড্রোন হামলা চালিয়েছে। তাঁর কথায়, এটি একটি ‘নির্লজ্জ হামলা’, যা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। তার পাল্টা জবাবে ইরান বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে। শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও মিত্র অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে। বিমানবন্দর, জ্বালানি স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে।