নাজমুল সর্দার, দক্ষিণ দিনাজপুর :-আপামর দক্ষিন দিনাজপুর জেলাবাসির কাছে আজ বড় আনন্দের দিন। আজ থেকে বৈদ্যুতিক  ট্রেন চলাচলের জন্য দেশের রেলের মানচিত্রে জায়গা করে নিল বালুরঘাট।  আজ দুপুরে বালুরঘাট রেল স্টেশন থেকে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু করল। বালুরঘাট - শিলিগুড়ি গামী ইন্টারসিটি  বৈদ্যুতিক  ট্রেনের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

পাশাপাশি উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু। এছাড়াও ছিলেন উত্তরপুর্ব সীমান্ত রেলওয়ের ডি আর এম। তবে অনুষ্ঠানের আমন্ত্রন পত্রে রাজ্যের মন্ত্রী তথা জেলার হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রের নাম থাকলেও তিনি আসেননি।রেলের তরফে আমন্ত্রন জানানো স্বত্বেও উপস্থিত ছিলেন না জেলা শাসকও।
  তবে বৈদুতিক  ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রী সাধারন। তাদের দাবি এবার তাদের গন্তব্যে পৌছতে আরো সময় কম লাগার পাশাপাশি যাত্রায় আরো সুরক্ষা বজায় রইবে।এদিকে স্বাধীনতার  দীর্ঘ কয়েক দশক পর ২০০৪ সালে প্রথম বালুরঘাট থেকে রেল যোগাযোগ শুরু।  প্রথমে একটি মাত্র লোকাল ট্রেন মালদার মধ্যে চলাচল করলেও বর্তমানে এক্সপ্রেস ও লোকাল ট্রেন মিলিয়ে পাচটি ট্রেন কলকাতা ও নবদ্বীপ ও শিলিগুড়ির মধ্যে চলাচল করে থাকে।
যদিও মালদা শিলিগুড়ির মধ্যে গতবছর বৈদ্যুতিক  করন করা হলেও মালদার একলক্ষী থেকে বালুরঘাট পর্যন্ত বৈদ্যুতিক করন হয়ে ওঠেনি। গতবছর নতুন ভাবে এই লাইনে কাজ শুরু হয়। আর আজ তা বাস্তব রুপ পেল।এদিকে আজ উদ্বোধনের পর বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান বালুরঘাট স্টেশন সৌন্দার্যায়নের জন্য বরাদ্দ রয়েছে রেলের। পাশাপাশি বালুরঘাট স্টেশনে ট্রেন রাখার শেড বাড়ানো ও পিট লাইনের কাজ দ্রুততার সাথে শেষ করার কাজ চলছে। এরপরেই ট্রেনের সংখ্যা বাড়বে। এছাড়াও তার দাবি ইতিমধ্যে তারা রেলের কাছে বালুরঘাট থেকে গৌহাটি পর্যন্ত ট্রেন চালানোর জন্য দাবি জানিয়েছেন রেল বোর্ডের কাছে।