পুবের কলম, ওয়েবডেস্ক: এটিএম থেকে আপনি  কী  টাকা তুলছেন? তবে এখনই সতর্ক হোন। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে আপনার প্রতিটি ট্রানজ্যাকশনেই বাড়তি খরচ যোগ হতে পারে। বিশেষ করে যারা বারবার ছোট অঙ্কে টাকা তোলেন বা ইউপিআই  ব্যবহার করে ক্যাশ উইথড্র করেন, তাঁদের জন্য এই পরিবর্তন বড় ধাক্কা হতে পারে।

পরিকল্পনা ছাড়া এটিএম  ব্যবহার করলে মাসের শেষে অজান্তেই পকেট হালকা হয়ে যেতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে ইউপিআই -এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলাও মাসিক ফ্রি ট্রানজ্যাকশন লিমিটের মধ্যে গণনা করা হবে। আগে এই দুই ধরনের লেনদেন আলাদা ধরা হলেও, এখন আর সেই সুবিধা নেই। ফলে ইউপিআই  ব্যবহার করেও টাকা তুললে দ্রুত আপনার ফ্রি লিমিট শেষ হয়ে যেতে পারে।

সাধারণত গ্রাহকরা নিজেদের ব্যাঙ্কের এটিএম থেকে মাসে ৫টি ফ্রি ট্রানজ্যাকশন করতে পারেন। অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে মেট্রো শহরে ৩টি এবং নন-মেট্রো শহরে ৫টি ফ্রি ট্রানজ্যাকশনের সুযোগ থাকে। এখন এই লিমিটের মধ্যেই ফাইন্যান্সিয়াল এবং নন-ফাইন্যান্সিয়াল—দুটো ধরনের ট্রানজ্যাকশনই ধরা হবে।এই ফ্রি লিমিট শেষ হয়ে গেলে, প্রতিটি অতিরিক্ত ট্রানজ্যাকশনের জন্য প্রায় ₹২৩ (ট্যাক্স আলাদা) চার্জ দিতে হবে।

ফলে বারবার এটিএম ব্যবহার করলে মাসে উল্লেখযোগ্য পরিমাণ অতিরিক্ত খরচ যোগ হতে পারে।

এছাড়াও, কিছু ব্যাঙ্ক তাদের নিজস্ব নিয়মে পরিবর্তন এনেছে। যেমন, নির্দিষ্ট ডেবিট কার্ডে দৈনিক নগদ তোলার সীমা কমানো হয়েছে। আবার কিছু ব্যাঙ্কে ইউপিআই  ও এটিএম ট্রানজ্যাকশন একত্রে গণনা করা হচ্ছে, যা গ্রাহকদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে তাঁদের উপর, যারা নিয়মিত ছোট অঙ্কে টাকা তোলেন বা একাধিকবার এটিএম ব্যবহার করেন। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়ানো এবং পরিকল্পনা করে টাকা তোলা—এই দুই কৌশলই অতিরিক্ত খরচ এড়াতে সাহায্য করতে পারে।