পুবের কলম,ওয়েবডেস্ক:  ভারত-পাক যুদ্ধের মহড়া চলছে দেশজুড়ে। এরই সঙ্গে পাল্লা দিয়ে ছড়ানো হচ্ছে ভুয়ো খবর। ফেসবুক, হোয়াটস অ্যাপে যেমন গুজব ছড়াচ্ছে বহু মানুষ, তেমনই টেলিভিশনের নিউজ চ্যানেলগুলিতেও জেনে, না-জেনে মিথ্যার মোড়কে নানা সংবাদ পরিবেশিত হচ্ছে।

এ বিষয়ে কেন্দ্র সরকার আগেই সাবধান করে নির্দেশনা জারি করেছিল। তবে তাতে কমেনি ভুয়ো খবরের বাড়বাড়ন্ত। ইউজিসি পরীক্ষা বাতিল করেছে বলে সোশ্যাল মিডিয়ায় খবর ঘুরছে। দুই দেশ পরস্পরকে আক্রমণের আবহে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন (ইউজিসি) তাদের পরীক্ষা বাতিল করেনি।

বৃহস্পতিবার এ কথা সাফ জানিয়েছে ইউসিজি।

সম্প্রতি ইন্টারনেটে ইউজিসি’র প্যাডে লেখা একটি নোটিস ছড়িয়েছে। তাতে স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমার মতো সব ধরনের পরীক্ষা বাতিলের নির্দেশিকা ছিল। তবে ইউজিসি জানিয়েছে, তারা কোনও পরীক্ষা বাতিল করেনি। ওই নির্দেশিকা ভুয়ো।

অপারেশন সিঁদুরের পরে ইন্টারনেটে ভুয়ো ভিডিয়োর ছড়াছড়ি। তেমনই একটি ভিডিয়োয় দাবি করা হয়েছে যে, পাকিস্তান ভারতীয় সেনা কলোনিতে হামলা করেছে।

ওই ভিডিয়ো ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা জানিয়েছে, ভিডিয়ো ইন্দোনেশিয়ার। গত ৬ মে-র।

এদিকে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন, ‘ভারতীয় সেনাকে অপারেশন সিঁদুর-এর জন্য সাধুবাদ জানাই। জয় হিন্দ। কিন্তু বীর সেনাদের কাজকে সামনে রেখে বিজেপি মিডিয়া সেল ভুয়ো ভিডিয়ো পোস্ট করছে যেটা নিন্দনীয়।

ভুয়ো ভিডিয়ো ফেসবুকে ছড়িয়ে ভারত পাকিস্তান যুদ্ধ দেখাচ্ছে।

আসলে এই ভিডিয়োটা গাজা আক্রমণ করার ভিডিয়ো। সাবধান, এই স্পর্শকাতর সময়ে কোনও বিজেপির প্রচার করা খবর বিশ্বাস করবেন না। এরা সকলে ভুয়ো খবর ছড়াতে এক্সপার্ট।’ একই সঙ্গে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি। অপারেশন সিঁদুর নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে চিনকে একহাত নিয়েছে ভারত।

পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা ও জঙ্গিঘাঁটি ধ্বংসের পর পাকিস্তানের একাধিক সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সেই খবর প্রকাশ করা হয় চিনের জাতীয় সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসেও। এটিও ভুয়ো খবর ছিল। অনেকে আবার ভুয়ো খবরের উপর ভিত্তি করে খাদ্য মজুদ করা শুরু করেছেন। এর ফলে দেশ খাদ্য সংকটের মুখোমুখি হতে পারে বলে অনেকে মনে করছেন।