পুবের কলম প্রতিবেদক: অবশেষে বউ বাজার অঞ্চলে ক্ষতিগ্রস্ত ২৮টি বাড়ির নির্মাণের কাজ শুরু হচ্ছে আগামী রবিবার।সকাল ১০টায় আগামী ১৮ ফেব্রুয়ারি বউ বাজারের ২৮টি পরিবারের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার পর প্রায় সাড়ে চার বছর বাদে হতে চলেছে ভূমি পূজো। এই ২৮টি পরিবার বর্তমানে বিভিন্ন জায়গায় ভাড়াবাড়িতে বসবাস করছেন। তাদেরকে স্বস্থানে বাড়ি নির্মাণ করে ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারের কথা জানান স্থানীয় ৪৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। মঙ্গলবার তিনি জানান, দুর্গা পিতুরী ও সক্রপাড়া লেনের ২৮টি বাড়ি নির্মাণের জন্য ভূমি পূজো করা হবে।

উল্লেখ্য, ৩১ আগস্ট ২০১৯ সালে বৌবাজার অঞ্চলে ইস্ট ওয়েস্ট মেট্রোর নির্মাণ পর্বে সুড়ঙ্গ বিপর্যয়ের জন্য একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘরছাড়া হয়েছিল প্রায় ২০০ পরিবার। অবশেষে সেই বিপত্তির কারণে ভেঙে পড়া ২৮টি বাড়ির মেট্রো কর্তৃপক্ষ পূর্ননির্মাণ করার কাজ শুরু করতে চলেছে বলে জানান স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে।

আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় ভীত পুজোর মাধ্যমে নির্মাণের কাজ শুরু হবে বলে জানান বিশ্বরূপ দে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের সম্মতিক্রমে কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে নকশার অনুমোদনের কাজও সম্পূর্ন হয়ে গেছে।

ফলে এই ভূমি পুজোর পরেই ২৮টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়ে যাবে বলে জানান ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে।

তাঁর দাবি, মেট্রো বিপর্যয়ের ফলে এখানকার মানুষ অনেক কষ্ট এবং সমস্যার সম্মুখীন হয়েছেন। অবশেষে তাদের স্বস্থানে ঠিকানা পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তিনি আরও জানান, মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন যে আগামী দুবছরে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা নিজের বাড়ি ফিরে পাবেন। এই বিষয়ে তিনিও আশাবাদী বলেই জানান বিশ্বরূপ দে।