পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানে গত বারের জেতা আসন হাতছাড়া হল সিপিএমের। আলাদা লড়ে চার রাজ্যের কোনও আসনেই এ বার জিততে পারল না তারা। বাম শরিক সিপিআইয়ের ঝুলিতে অবশ্য এসেছে একটি আসন। তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে একটিই আসনে লড়েছিল সিপিআই। সেই কোঠাগুডেম আসনে সিপিআইয়ের তেলেঙ্গনা রাজ্য সম্পাদক কুনামনেনি সম্ভাশিব রাও জয়ী হয়েছেন ২৬ হাজার ৫৪৭ ভোটে।
আরও পড়ুন:
তাৎপর্যপূর্ণ ভাবে, সিপিআইয়ের রাও হারিয়েছেন আর এক বাম শরিক ফরওয়ার্ড ব্লকের প্রার্থী জলাগম বেঙ্কট রাওকে! তৃতীয় স্থানে আছে বিআরএস। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হওয়ায় আলাদা লড়েছে সিপিএম। রাজস্থানে ভাদরা ও দুঙ্গরগড় আসন ছিল তাদের দখলে, দুই কেন্দ্রেই এ বার সিপিএম প্রার্থী পরাজিত। দাতা রামগড় এবং ধোদ আসন দু'টি নিয়েও আশাবাদী ছিল সিপিএম। ওই দুই কেন্দ্রের প্রার্থী, দলের রাজ্য সম্পাদক অমরা রাম এবং ধোদের প্রাক্তন বিধায়ক পেমা রামও জিততে পারেননি।