রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই পূর্ণাঙ্গ রূপ পেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সোমবার লোকভবনে এক অনুষ্ঠানে নতুন করে ৩৫ জন মন্ত্রী শপথ নেওয়ায় মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। রাজ্যপাল আর এন রবি নবনিযুক্ত মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণের পর রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় কৌতূহল, কোন মন্ত্রীর হাতে কোন দপ্তরের দায়িত্ব তুলে দেন মুখ্যমন্ত্রী।
নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং আঞ্চলিক প্রতিনিধিত্বের ভারসাম্য রাখার চেষ্টা করা হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। সূত্রের খবর, ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রীকে নিয়ে সাজানো হয়েছে সম্প্রসারিত মন্ত্রিসভা।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া উল্লেখযোগ্য মুখদের মধ্যে রয়েছেন তাপস রায়, দীপক বর্মন, শংকর ঘোষ, মনোজ ওঁরাও, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, অজয় পোদ্দার এবং অরূপকুমার দাস। অন্যদিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন ইন্দ্রনীল খাঁ, মালতী রাভা রায় এবং রাজেশ মাহাতো।
আরও পড়ুন:
প্রতিমন্ত্রীদের তালিকাতেও রয়েছে একাধিক নতুন ও পরিচিত মুখ। তাঁদের মধ্যে রয়েছেন জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদিয়ারচাঁদ বাউড়ি, বিশাল লামা, দিবাকর ঘরামি, শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী, মৌমিতা বিশ্বাস মিশ্র, গার্গী দাস ঘোষ, উমেশ রাই, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, কলিতা মাজি, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা, সুমনা সরকার এবং অমিয় কিস্কু।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৪ মে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৯৪টির মধ্যে ২০৮টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিজেপি। এরপর ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আরও পাঁচ মন্ত্রী শপথ নেন। সেই সময় সীমিত আকারের মন্ত্রিসভা গঠন করা হলেও এবার ৩৫ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে প্রশাসনিক কাজকর্মকে আরও গতিশীল ও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হল।