নয়াদিল্লি, ১৭ এপ্রিল: ছত্তিশগড়ে মাও নিকেশ পরই মাওবাদীদের হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশকে মাওবাদী মুক্ত করার স্পষ্ট বার্তা দিলেন তিনি। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, "উন্নয়ন, শান্তি ও তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের সবচেয়ে বড় শত্রু মাওবাদীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা দেশকে মাওবাদী মুক্ত করতে বদ্ধপরিকর। শীঘ্রই ছত্তিশগড় এবং গোটা দেশ সম্পূর্ণ নকশাল ও মাওবাদ মুক্ত হবে।

"

উল্লেখ্য, গতকাল (১৬ এপ্রিল) লোকসভা ভোটের আগেই মাও দমনে ফের বড়সড় সাফল্য মেলে ছত্তিশগড়ে। নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে নিহত হয় ১৮ জন মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একাধিক একে-৪৭ বন্দুক এবং বেশকিছু গ্রেনেড। মৃত ১৮ জনের মধ্যে শীর্ষ এক মাওবাদী নেতা শঙ্কর রাও ছিল বলে দাবি করে পুলিশ। গুলির লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর ৩ জন গুরুতর আহত হন।

আহত নিরাপত্তা কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ তিনি বলেন, "ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক নকশাল নিহত হয়েছে। আমি সমস্ত নিরাপত্তা কর্মীদের অভিনন্দন জানাচ্ছি, তাঁরা সাহসিকতার সাথে এই অপারেশন সফল করেছে।"

 

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল বিজাপুরে যৌথ অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশের বিশেষ দল ও মাওবাদী বিরোধী ফোর্স। ছত্তিশগড়ে তেলেঙ্গানার সীমানা সংলগ্ন বিজাপুর জেলায় পুজারী কাঙ্কের জঙ্গলে তল্লাশি চালানো হয়। অভিযানে ছিল ছত্তিশগড় পুলিশের একটি বাহিনীও। যৌথ বাহিনীর গুলির লড়াইয়ে তিন মাওবাদী মারা যায়। ২ তারিখ আরও ৯ জন নিহত হয়। সেই অভিযান চালিয়েছিল ডিসট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ এবং কোবরা বাহিনীর সদস্যরা।