পুবের কলম ওয়েবডেস্কঃ প্রচার শুরু হতেই পুলিশের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এবার বিজেপি বাংলায় ক্ষমতায় এলে পুলিশ কি করবে সেই বার্তা দিলেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের স্টাইলে পুলিশ এনকাউন্টার করবে। বৃহস্পতিবার খড়্গপুরে নির্বাচনী প্রচার থেকে তাঁর এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে।

 

এদিন প্রচারের সভা থেকে দিলীপ ঘোষ বলেন, খড়গপুরে গুন্ডা মাফিয়াদের সঙ্গে তিনি চোখে চোখ রেখে লড়াই করেছে। দিলীপের দাবি, তিনি এখানে গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে অনেক লড়াই করেছেন আগামী দিনেও করবেন। দিলীপের দাবি, এবার রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। তাঁর কথায়, শুধু ৪ মে এর জন্য অপেক্ষা।

কারণ ওই দিনের পর সব বদলে যাবে। দিলীপের স্পষ্ট বার্তা তিনি বিজেপি জিতলে এবার খড়্গপুরে গুন্ডা মাফিয়াদের ধরে ধরে জেলে ঢোকানো হবে। ততৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি আরও বলেন, যে সমস্ত পুলিশ এখন নেতাদের চামচাগিরি করছে, যারা মাফিয়া গুন্ডাদের সঙ্গে চা খাচ্ছে বিজেপি এলে সেই সরকারই এনকাউন্টার করবে, ঠিক যেমনটা উত্তরপ্রদেশে হয়। 

উল্লেখ্য, খড়গপুর হল দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র।

সেই কেন্দ্র থেকেই এবার প্রাক্তন রাজ্য সভাপতিকে টিকিট দিয়েছে বিজেপি। প্রার্থী হওয়ার পর থেকেই তিনি জোর কদমে প্রচারে নেমেছেন। নিয়মিত জনসভা করছেন। তাছাড়া চা চক্রেও যোগ দিচ্ছেন। এদিনও চক্র থেকেও তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর যেসব কাটআউট রয়েছে তা নামিয়ে নিতে ভয় পাচ্ছে পুলিশ। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে বলে দাবি দিলীপের।