পুবের কলম, ওয়েবডেস্ক : 'জয় শ্রীরাম' না বলায় এক ইমামকে নির্মমভাবে প্রহার করে কেটে নেওয়া হল দাড়ি। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের এই ধরনের বর্বরোচিত ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মহারাষ্ট্রের জালনা জেলায় আনওয়ার গ্রামে এক মসজিদের ইমামের ওপর এই আক্রমণের ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এখনও আক্রমণকারীদের কোনও খোঁজ মেলেনি।
আরও পড়ুন:
এই ঘটনায় সমাজবাদী দলের বিধায়ক আবু আসিম আজমি মহারাষ্ট্রের উপ মুখমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের কড়া পদক্ষেপের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন।
আরও পড়ুন:
জানা গেছে, বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী অতর্কিতে মসজিদে ঢুকে এই আক্রমণ চালায়। ইমামকে জয় শ্রীরাম বলতে বলার জন্য জোর করে তারা। তাদের নির্দেশে অসম্মতি জানানোর পরেই তারা ওই ইমামের ওপর চড়াও হয়ে তাকে মসজিদের বাইরে এনে বেদম মারধর করে।
আরও পড়ুন:
ইমাম জাকির সাঈদ খাজা সাংবাদিকদের বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মসজিদে বসে কুরআন পড়ছিলেন। ঠিক তখনই অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মসজিদের ভিতর ঢুকে আসে।
তাদের মুখ কাপড়ে ঢাকা ছিল। তাঁকে জয় শ্রী রাম স্লোগান দিতে বলে তারা। যখন তিনি (ইমাম) সেই স্লোগান দিতে অস্বীকার করেন তখই তিনজন মিলে তাকে মসজিদের বাইরে এনে মারধর করে।ইমাম জানিয়েছেন, ওই দুষ্কৃতীরা কোনও রাসায়নিক দেওয়া একটি কাপড় তার মুখে চেপে ধরতেই তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন। পরে জ্ঞান ফিরলে তিনি দেখেন তার দাড়ি কেটে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সন্ধ্যা ৮টা দিকে যখন মানুষ নামাযের জন্য মসজিদে আসেন তখন তারা মসজিদের বাইরে তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। ইমাম আরও জানান, তড়িঘড়ি তাকে সিলোডের একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঔরাঙ্গাবাদের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন আছেন তিনি।
আরও পড়ুন:
ঘটনা প্রকাশ্যে আসার পরেই পুলিশ আনওয়ার গ্রামে এসে সমস্ত ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে পারাধ থানায় ভারতীয় দণ্ডবিধির ৪৫২ (আঘাত, হামলার প্রস্তুতির পরে অনুপ্রবেশ), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত দেওয়ার শাস্তি) এবং ৩৪ (সাধারণ অভিপ্রায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি ব্যক্তির দ্বারা অপরাধমূলক কাজ) এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় প্রশাসনের তরফ থেকে গ্রামে নজরদারি বাড়ানো হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: