মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার আবহে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক রাতের সামরিক অভিযানে ইরান-কে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে সক্ষম।

ট্রাম্প জানান, ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত সাম্প্রতিক অভিযান ‘ঐতিহাসিক’ সফলতা পেয়েছে। তাঁর কথায়, “আমাদের সাহসী সেনাদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, এই অভিযানে মোট ২১টি সামরিক উড়োজাহাজ অংশ নেয়।

বর্তমান পরিস্থিতি নিয়ে মূল্যায়ন করতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধ পরিস্থিতি অনুকূল দিকেই এগোচ্ছে। সেই সঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “আমরা চাইলে এক রাতেই ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারি— আর সেই রাত আগামীকালই হতে পারে।”

এই মন্তব্যকে আন্তর্জাতিক মহলের একাংশ ‘প্রচ্ছন্ন আলটিমেটাম’ হিসেবেই দেখছে। বিশেষ করে নির্দিষ্ট সময় উল্লেখ করায় উদ্বেগ আরও বেড়েছে। যদিও এই ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে এখনও পর্যন্ত পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি।