পুবের কলম, তেহরান: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও জোরালো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইজ়রায়েল ও আমেরিকার যৌথ সামরিক অভিযানে ইরানে ব্যাপক প্রাণহানির খবর মিলেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এক মাসের এই রক্তক্ষয়ী সংঘর্ষে ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের তালিকায় যেমন ৮ মাসের কোলের শিশু রয়েছে, তেমনই রয়েছেন ৮৮ বছরের বৃদ্ধও। এই পরিসংখ্যান যুদ্ধের ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
কেবল প্রাণহানিই নয়, আহতের সংখ্যাও রীতিমতো উদ্বেগজনক। সরকারি তথ্য অনুসারে, গত ৩০ মার্চ পর্যন্ত এই যৌথ হামলায় প্রায় ২৪ হাজার ৮০০ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ৪ হাজার মহিলা এবং ১ হাজার ৬২১ জন শিশু রয়েছে। আক্রান্তদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।