পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং সম্ভাব্য বিদেশি মুদ্রার চাপ ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশবাসীকে একাধিক সতর্কবার্তা দিয়েছেন। অপ্রয়োজনীয় খরচ কমানো, সোনা কেনা এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে ফের ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ ফেরার পরামর্শও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই বাণিজ্য ও অর্থনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে ওয়ার্ক ফ্রম হোম চালুর দাবিতে চিঠি দিল তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মী সংগঠন ও শিল্পমহল।
আরও পড়ুন:
তথ্যপ্রযুক্তি কর্মীদের অন্যতম বৃহৎ সংগঠন ন্যাসকেন্ট ইনফরমেশন টেকনোলজি এমপ্লয়িজ সেনেট কেন্দ্রের শ্রম মন্ত্রক, তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, দেশের স্বার্থে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করা হোক।
সংগঠনের দাবি, সরকার চাইলে এই বিষয়ে আনুষ্ঠানিক সার্কুলার জারি করতে পারে। এমনকি পরিস্থিতির প্রয়োজন হলে বাধ্যতামূলক ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থাও মেনে নিতে প্রস্তুত তথ্যপ্রযুক্তি ক্ষেত্র— চিঠিতে এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে।
এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
করোনা পর্বে দীর্ঘদিন ধরে চালু থাকা ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার ফলে জ্বালানি খরচ কমেছিল, অফিস যাতায়াতও অনেকাংশে হ্রাস পেয়েছিল। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে আবারও সেই মডেলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞদের একাংশ। এখন দেখার, কেন্দ্র সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত কবে নেয়।