পুবের কলম, ওয়েবডেস্ক:  যাদবপুর কাণ্ডে ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করল লালবাজার। আজ বিকেল ৩ টে সময় তলব করা হয়েছে তাকে। গতকালই তাকে তলব করা হয়। তবে লালবাজারকে ডিন অফ স্টুডেন্ট রজত রায় জানিয়েছেন, গতকাল ছাত্রদের ঘেরাওয়ের জন্য তিনি আসতে পারেননি। আজ তিনি আসবেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল যাদবপুরের রেজিস্টার ও ডিন অফ স্টুডেন্টসকে ডেকে পাঠানো হয়। কিন্তু কাল রেজিস্টার এলেও লালবাজারে উপস্থিত হননি ডিন অফ স্টুডেন্টস।

এদিকে নদিয়ার প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় পুলিশ চক্রান্তের হদিশ পেয়েছে। পাশাপাশি র‍্যাগিংয়ের কারণেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে এবার র‌্যাগিংয়ের তত্ত্বকেই কার্যত সিলমোহর দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ তদন্ত কমিটি। প্রথম বর্ষের ২৫ জন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি জানতে পেরেছে  ওই দিন র‌্যাগিংই করা হয়েছিল ওই পড়ুয়াকে।

এদিকে এখনও পর্যন্ত প্রায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ৬ জনের মধ্যে  রয়েছে সপ্তক কামিল্ল্যা (প্রাক্তন পড়ুয়া), সুমন নস্কর (প্রাক্তন পড়ুয়া), অঙ্কন সর্দার (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, দ্বিতীয় বর্ষ), অসিত সর্দার (প্রাক্তন পড়ুয়া, সংস্কৃত বিভাগ), মহম্মদ আরিফ (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, তৃতীয় বর্ষ), মমম্মদ আসিফ আজমল (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চতুর্থ বর্ষ)আগেই সৌরভ চৌধুরী সহ তার অপর দুই ঘনিষ্ঠ সঙ্গী দীপশেখর দত্ত ও মনোতোষকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর,  ঘটনার দিন রাত ১০:০৫ নাগাদ ডিনের কাছে হস্টেল থেকে একটি  ফোন যায়। যেখানে একজন জানায়,  হস্টেলে এক ছাত্র অস্বাভাবিক ব্যবহার করছে।

১০:০৮ নাগাদ ডিন আবার হস্টেল সুপারকে ফোন করে বিষয়টি দেখতে বলেন। পুলিশের  অনুমান,  এভাবেই চিত্রনাট্য সাজিয়ে ডিনকে জানানো হয়,  তখনই অন্যদিকে হয়তো পড়ুয়াকে মানসিক অত্যাচার করা হচ্ছিল। সেই রাতেই ১১:৪৫ নাগাদ পড়ুয়াকে রক্তাক্ত অবস্থায় হস্টেলের নীচে পড়ে থাকতে দেখা যায়।

স্বপ্নদীপের মৃত্যুর পর পরই মৃত্যুর পরে একবার বা দু’বার নয়, পরপর চারবার জেনারেল বডি বৈঠক (জিবি মিটিং) করা হয় হস্টেলে। সূত্রের খবর, এই ঘটনা নিয়ে পুলিশকে কী বয়ান দেওয়া হবে, তাই নিয়েই আলোচনা হয় প্রাক্তনীদের নেতৃত্বে। ছাত্রদের জানিয়ে দেওয়া হয়, কেউ কিছু জিজ্ঞেস করলে বলতে ১৫ আগস্টের বিষয় নিয়ে মিটিং করা হচ্ছে।