পুবের কলম,ওয়েবডেস্ক:পত্রিকার খবরে, লোক মুখে বা দৈনন্দিন জীবনে এমন অনেক ঘটনা আমরা শুনে বা দেখে থাকি যা অবিশ্বাস্য। যেমন- সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করার পরও শিক্ষিত যুবক-যুবতীর আত্মহত্যা। অন্যদিকে, অভাবের তাড়নায়  আত্মহত্যা। বাবা বা মায়ের হাতে সন্তান হত্যা, সন্তানের হাতে বাবা-মা খুন। এহেন ঘটনা যেন দিন প্রতিদিন মাথাচাড়া দিয়ে উঠেছে।

শুধু তাই নয়, সন্তানদের হত্যা করে পরে নিজের আত্মহত্যা, স্বামীর হাতে স্ত্রী খুন, স্ত্রীর হাতে স্বামী খুন এখন প্রায় নিত্যনৈমিত্তিক। খুন মাত্রই যে বীভৎস তা আমাদের সমাজ আর মনে করে না। ফের এমনই ঘটনার সাক্ষী থাকল দেশ। নাচ না করার অপরাধে দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল যুবক। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে।

জানা গেছে, গ্রামের এক অনুষ্ঠানে গিয়েছিলেন সুখদেও উইকে এবং তাঁর স্ত্রী রেখা। তাঁদের সেখানে নাচ করতে বলেন দীনেশ সুভাষরাও পাটিল নামে অভিযুক্ত যুবক। কিন্তু নাচ  করতে রাজি হননি ওই দম্পতি। পরে অন্য এক জনের কথায় নাচ করেন সুখদেও। আর এতেই বেজায়  চটে যান ওই যুবক।
অনুষ্ঠান শেষে যখন বাড়ি ফিরছিলেন দম্পতি তখন তাদের ওপর চড়াও হয় ওই যুবক। ক্ষিপ্ত যুবক দম্পতির ওপর এলোপাথাড়ি কোপ বসাতে শুরু করে। দম্পতিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩২৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত অধরা রয়েছে যুবক।