মালে, ৩ জুন: গাজায় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলিদের প্রবেশ নিষিদ্ধ করতে যাচ্ছে মালদ্বীপ। মুসলিমপ্রধান এই দেশ বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটনকেন্দ্র। রবিবার রাতে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর অফিস থেকে বলা হয়, ‘প্রেসিডেন্ট মুইজ্জু ইসরাইলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।’ তবে কবে নাগাদ এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে বা কবে শেষ হবে, সে বিষয়ে কোনও তথ্য নেই।

মালের এই ঘোষণার ইসরাইলের বিদেশমন্ত্রক বলেছে, ইসরাইলি নাগরিকরা যেন মালদ্বীপ ভ্রমণ না করেন। ইসরাইলি বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘ইসরাইলি নাগরিকদের এরই মধ্যে মালদ্বীপ ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ তারা যদি কোনও কারণে সমস্যায় পড়ে, তবে আমাদের পক্ষে সহায়তা করা কঠিন হবে।’ মালদ্বীপ বলেছে, দেশের মন্ত্রিসভা ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশ রোখার জন্য আইন পরিবর্তন করার এবং প্রক্রিয়াটি তদারকি করতে একটি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, মুইজ্জু ‘ফিলিস্তিনের সঙ্গে সংহতিতে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের প্রচারণাও ঘোষণা করেছেন।