পুবের কলম, ওয়েব ডেস্কঃ বাংলার জন্য এক দারুণ গর্বের সময়। এমন এক মানুষের হাতে গতকাল পদ্মশ্রী পুরস্কার গিয়েছে, যিনি বাংলা ইন্ডাস্ট্রিকে যেমন দারুণ কিছু সিনেমা উপহার দিয়েছেন ঠিক তেমনই, তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। তাঁর বাবাও পেয়েছিলেন পদ্মবিভূষণ। গোটা পরিবারটাই শিল্প, সংস্কৃতি এবং সঙ্গীতের চক্রব্যূহে আবদ্ধ। বেশ কিছুদিন আগেও রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কারের আয়োজন করা হয়। এবং সেখানে বাংলা থেকে আরেক মানুষ পন্ডিত তেজেন্দ্র নারায়ণ সেই পুরস্কার এনেছিলেন।
মমতা শঙ্কর তখনই জানিয়েছিলেন, মে মাসেই তাঁকে হয়তো ডাকা হতে পারে। আর কথামত হলো তাই। গতকাল বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মমতা শঙ্কর রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পরনে লাল রঙের শাড়ি, আর পাঁচদিন ঠিক যেভাবে তিনি সাজগোজ করেন, সেভাবেই তাঁকে দেখা গেল। সেই ছবি তিনি নিজেই শেয়ার করেছেন সমাজ মাধ্যমে।
তাঁর নাম ঘোষণা হতেই তাঁকে দেখা গেল, খালি পায়ে নিজের জায়গা ছেড়ে ধীরে ধীরে এগিয়ে যেতে রাষ্ট্রপতির সামনে। হাত জোড় করেই উপস্থিত সকলকে প্রণাম জানালেন তিনি। এবং খালি পায়ে যেভাবে তিনি নিজের সংস্কৃতির এবং শিক্ষার পরিচয় দিলেন, সেকথা সকলকে মুগ্ধ করেছে। টলিউডের তারকারা তাঁর এই সাফল্যে ভীষণ গর্বিত। লোপামুদ্রা থেকে ভাস্বর বন্দ্যোপাধ্যায় সকলেই তাঁর প্রশংসা করেছেন। তাঁরা বলছেন, তোমার এই সাফল্যে আমাদের গর্ব হয়।
এখানেই শেষ না। মমতা শঙ্কর যখন খালি পায়ে এগিয়ে যাচ্ছেন, তখন সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রীসভার অনেকেই। সঙ্গে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি খোদ। মমতা শঙ্করকে হাত জোড় করে প্রণাম জানালেন প্রধানমন্ত্রী খোদ। সঙ্গে উপস্থিত এস জয়শঙ্কর থেকে অমিত শাহ-কেউ বাদ গেলেন না। সেই ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে। এবং সেই ভিডিও শেয়ার করে মমতা শঙ্কর বলছেন, এই অনুভূতি শব্দে ব্যাখ্যা করা সম্ভব না।
সংবাদ মাধ্যমের কাছে মমতা বলেছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে পদ্মশ্রী তুলে বলেন, ‘অভিনন্দন।’ মমতা কেমন আছেন। অন্যদিকে অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় কথা বলেছেন মমতার সঙ্গে। বিষয়টিতে বেশ আপ্লুত মৃণাল সেন-সত্যজিৎ রায়ের ছবির অভিনেত্রী। বলেন, ‘নরেন্দ্র মোদি আমার সঙ্গে বাংলায় কথা বলেছেন। বললেন, ‘কেমন আছেন? ভালো?’ আমি সাইরাম বলায় তিনিও প্রত্যুত্তরে সাই রাম বললেন। চলে আসার সময়ে তিনি আবারও ডেকে সাইরাম বললেন। এ এক বিরাট পাওয়া।




























