পুবের কলম ওয়েব ডেস্ক: ৩১৬ বছর আগে মৃত্যু হয়েছে আওরঙ্গজেবের। তাঁর কবর খুঁড়লে মিলবে না হাড়-গোড় বা শরীরের কোনও অংশ। কিন্তু তাঁর মৃত্যুর তিন শত বছর পরও আওরঙ্গজেবকে আঁকড়ে ধরে রেখেছে বিজেপি সহ দেশের হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি। লোকসভা নির্বাচনের আগে আওরঙ্গজেবের নাম ভাঙিয়ে মহারাষ্ট্রে মেরুকরণের দেদার রাজনীতি শুরু করেছে বিজেপি। আর তাতে পূর্ণ সহযোগীতা করছে মহারাষ্ট্র পুলিশ।
প্রথমে ১৪ বছরের কিশোরের আওরঙ্গজেবকে নিয়ে করা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ব্যাপক উত্তেজনা শুরু হয় কোলহাপুরে। এমনকি এই ঘটনার জন্য নাম না করে মুসলমানদের উদ্দেশ্যে সেখানকার উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘হঠাৎ করে মহারাষ্ট্রে আওরঙ্গজেবের কিছু আওলাদ জন্ম নিয়েছে’।আরও পড়ুন:
এবার হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে আওরঙ্গজেবের ছবি ব্যবহার করায় এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে, তাকে আটক ও জিজ্ঞাসাবাদ করার পর নোটিশ ধরিয়েছে পুলিশ। হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য অমরজিৎ সুরভে নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই যুবককে তলব করে পুলিশ।
হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য অমরজিৎ তার ফোনে একটি স্ক্রিনশট পান।
সেখানে দেখা যাচ্ছিল ওই যুবক তার প্রোফাইল পিকচারে আওরঙ্গজেবের ছবি ব্যবহার করেছে। সেটি দেখে নিজ দায়িত্বে, স্বতঃস্ফুর্তভাবে ওই যুবককে ফোন করে অমরজিৎ। ফোন করে তাকে প্রোফাইল পিকচার পাল্টাতে বলে। ওই যুবক জানায়, তার মন ভালো নেই। কিছুক্ষণ পর সে ওই ছবি পাল্টে ফেলবে। কিছুক্ষণ পর আবার নতুন করে স্বতঃস্ফুর্তভাবে ওই যুবকের প্রোফাইল পিকচার ঘেঁটে দেখে হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদ্য অমরজিৎ। ততক্ষণেও কেন ছবি পাল্টায়নি সে, এই অভিযোগ নিয়ে পুলিশের দারস্থ হয় ওই ব্যক্তি। পুলিশও তৎক্ষনাত তার কথা শুনে তলব করে ওই যুবককে।আরও পড়ুন:
আওরঙ্গজেবের ছবি নিজের ফোনের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করার ‘দোষে’ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে ছাড়া হয়।
আরও পড়ুন:
প্রশ্ন উঠছে, আওরঙ্গজেবের ছবি ব্যবহার করলে কি সত্যিই কারোর বিরুদ্ধে মামলা দায়ের করা যায়? নাকি হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির ইশারায় চলতে চলতে আইন-কানুন সব ভুলেছে মহারাষ্ট্র পুলিশ।
আরও পড়ুন: