পুবের কলম ওয়েব ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বাকি কাজ শুরু হতে চলেছে। বহুদিন ধরেই এই রুট কবে চালু হবে, তা নিয়ে শহরের অফিসযাত্রীদের মধ্যে জল্পনা চলছিল। কারণ এই সংযোগ চালু হলে গড়িয়া থেকে সল্টলেক ও বিমানবন্দরমুখী যাতায়াত অনেকটাই সহজ ও দ্রুত হবে। এতদিন বিভিন্ন প্রশাসনিক জট এবং অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে কাজ আটকে ছিল।

সরকার পরিবর্তনের পর সেই স্থগিত প্রকল্পে আবার গতি ফিরেছে বলে খবর।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকেই চিংড়িঘাটার বাকি ৩৬৬ মিটার অংশে নির্মাণকাজ শুরু হচ্ছে। কাজের সুবিধার্থে প্রতি সপ্তাহে শুক্র, শনি ও রবিবার রাতে ওই এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ জারি থাকবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর হবে।

যদিও চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করা যাবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে যান চলাচলে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুর্গাপুজো অথবা বড়দিনের আগেই এই রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে।

চিংড়িঘাটার এই অংশের কাজ ঘিরে দীর্ঘদিন ধরেই মেট্রো কর্তৃপক্ষ ও রাজ্য প্রশাসনের মধ্যে মতবিরোধ চলছিল। মূল সমস্যা ছিল বাইপাস সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণের বিষয়টি।

অভিযোগ উঠেছিল, প্রয়োজনীয় অনুমতি না মেলায় কাজ এগোতে পারেনি। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায়। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টেও মামলার শুনানি হয়। আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল, উন্নয়নমূলক প্রকল্প দীর্ঘদিন আটকে থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে আইনি জটিলতা কাটলেও এতদিন বাস্তবে কাজ শুরু হয়নি। এবার সেই অচলাবস্থার অবসান হতে চলেছে।