আরাবল্লি পর্বতমালার নতুন সংজ্ঞা নির্ধারণ না হওয়া পর্যন্ত সেখানে কোনও ধরনের খননকার্য চালানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শনিবার আরাবল্লি সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ।
আরও পড়ুন:
আদালতে খনি ইজারাদারদের একাংশ আবেদন জানিয়েছিলেন, নতুন সংজ্ঞা চূড়ান্ত হওয়ার আগেই যেন খননের অনুমতি দেওয়া হয়। তবে সেই আর্জি খারিজ করে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি আরাবল্লির নতুন সংজ্ঞা নির্ধারণ না করা পর্যন্ত কোনও খননের অনুমতি দেওয়া হবে না।
আরও পড়ুন:
শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত কড়া মন্তব্য করে বলেন, “আরাবল্লির সংজ্ঞা নিয়ে আমরা পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত এক ইঞ্চিও খননের অনুমতি দেওয়া হবে না।” তাঁর পর্যবেক্ষণ, “প্রভাবশালী খনি ব্যবসায়ীদের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরাবল্লিকে রক্ষা করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত বছর আরাবল্লি পর্বতমালার সীমানা ও সংজ্ঞা নিয়ে বিতর্ক শুরু হয়।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জানায়, আশপাশের এলাকা থেকে ১০০ মিটারের বেশি উচ্চতার ভূভাগকে আরাবল্লির অংশ হিসেবে ধরা হবে। পরে সেই সংজ্ঞাতেই প্রাথমিকভাবে সম্মতি দেয় সুপ্রিম কোর্ট।আরও পড়ুন:
তবে দেশজুড়ে পরিবেশপ্রেমীদের প্রবল আপত্তির মুখে পরে নিজেদের আগের নির্দেশ স্থগিত রেখে নতুন করে বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নেয় আদালত। সেই উদ্দেশ্যেই গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি, যারা আরাবল্লির বৈজ্ঞানিক ও পরিবেশগত ভিত্তিতে নতুন সংজ্ঞা নির্ধারণ করবে।