পুবের কলম,ওয়েবডেস্ক:  মিজোরামে ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯। আইজলের জেলাশাসক নাজুক কুমার  জানান, এ'নও পর্যন্ত ২৯ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও ৫ জন। মেলথুম পাথর খাদান থেকে ১৪ জনের দেহ উদ্ধার   করা সম্ভব হয়েছে।

এখনও সেখানে ৫ জনের দেহ থাকার সম্ভাবনা রয়েছে। মৃতদের মধ্যে ২৩ জন মিজোরামের, ৫ জন   ঝাড়খণ্ডের এবং অসমের ১ জন।

বুধবার তুমুল বৃষ্টিতে উদ্ধারকাজ বন্ধ রাখা হয়। ঝড় ও ধসে মিজোরামে বিদ্যুৎ, ইন্টারনেট, পানীয় জল পরিষেবা বন্ধ হয়ে পড়েছে।

পরিস্থিতি বিবেচনা করে সরকারি কর্মচারি ও আধিকারিকদের বড় অংশকে ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে লালডুহামা সরকার। অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

এ দিকে, রেমালের তাণ্ডবের পর অসম ও মণিপুরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এই দুই রাজ্যে বৃহস্পতিবারও টানা বৃষ্টি হয়।

  বরাক উপত্যকার বরাক, লঙ্গাই, কুশিয়ারা, সিংলা, কাটাখাল, ধলেশ্বরী নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া  অসমের গোলাঘাট জেলার ধানসিড়ি নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে।

দু’দিনের বৃষ্টিতে অনেক জায়গায় নদীর বাঁধ ভেঙে পার্শ্ববর্তী গ্রাম ভাসিয়ে দিয়েছে। ইতিমধ্যে শতাধিক গ্রাম প্লাবিত। মানুষজন নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিয়েছেন। এখনও সরাসরি ত্রাণ পৌঁছয়নি বলে মানুষের অভিযোগ।