পুবের কলম,ওয়েবডেস্ক: আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা । মঙ্গলবার এমনটাই নির্দেশ দিল এক ঊর্ধ্বতন কর্মকর্তা। পেঁয়াজ রফতানির নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়েছে! এই নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা।

কার্যত সেই জল্পনায় জল ঢালল কেন্দ্র।  ডিসেম্বরের ৮ তারিখ পেঁয়াজ রফতানির ওপর রাশ টেনেছিল কেন্দ্র। জানিয়েছিল, দেশীয় অভ্যন্তরীন বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অভ্যন্তরীণ প্রাপ্যতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত। বর্তমানে দেশীয় বাজারে পেঁয়াজ।

মঙ্গলবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন,  পূর্বঘোষিত নির্দেশিকা অনুযায়ী আগামী ৩১ তারিখ পর্যন্ত পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি থাকবে। পেঁয়াজ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। সব জল্পনা ভুয়ো। বর্তমানে ভোক্তাদের ন্যায্যমূল্যে পর্যাপ্ত দেশীয় পেঁয়াজের প্রাপ্যতা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এমনিতেই রসুনের দাম বাজারে এখন আকাশ ছোঁয়া। এরমধ্যেই গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে পেঁয়াজের দাম। এতদিন নাসিকের পাইকারি বাজারে পেঁয়াজের প্রতি কুইন্টালের দাম ছিল ১২০০-১৩০০ টাকার মধ্যে। তবে রফতানিতে শিথিলতার ভুয়ো খবর ছড়িয়ে পরতে গত দু একদিনের মধ্যে বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮০০ টাকা। এমনকি কুইন্টাল প্রতি ২১০০ টাকাতে বিক্রি হয়েছে পেঁয়াজ। পেঁয়াজের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণ করতে, গত বছর ডিসেম্বরে কেন্দ্র সরকার পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।