পুবের কলম, ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলায় পাক জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। তার জেরে সিন্ধু জলবণ্টন চুক্তি বাতিল করেছে নয়াদিল্লি। পাকিস্তানকে সরকারিভাবে নোটিসও পাঠানো হয়েছে। ভারতের এই পদক্ষেপে পাল্টা হুমকি দিয়েছে ইসলামাবাদও।  প্রাক্তন পাক বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো দাবি করেছিলেন,  সিন্ধু পাকিস্তানেরই নদ থাকবে। ভারত যাই দাবি করুক না কেন। হয় এখান দিয়ে জল বইবে, নয়তো ওদের রক্ত।

এবার এই মন্তব্যের কড়া দাওয়াই দিলেন এইআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। বিলাওয়ালকে তুলোধোনা করে অতীত মনে করিয়ে দিয়ে বললেন, “তোমার মাকেও জঙ্গিরাই মেরেছিল।”

আরও পড়ুন: Pahalgam terror attack: পর্যটকের জিপলাইনের ভিডিয়োতে বন্দি পহেলগাঁও হামলার ঘটনা, অপারেটরকে তলব এনআইএ-র

প্রাক্তন পাক বিদেশমন্ত্রীর এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় ওয়েইসিকে। কড়া ভাষায় তিনি বলেন, “ওঁর বোকার মতো মন্তব্য করা উচিত নয়। ওঁর মনে নেই ওঁর ঠাকুরদার সঙ্গে কী ঘটেছিল? ওঁ কি ভুলে গিয়েছে যে ওঁর মাকেও জঙ্গিরাই মেরেছিল। সব কিছু জেনেও ওঁর এইরকম বোকার মতো মন্তব্য করা উচিত নয়।

ওঁর কোনও ধারণা আছে কী বলছে? আমি একটা কথাই বলব, আমেরিকা যদি ওদেরকে কিছু না দেয়, তাহলে ওরা দেশ চালাতে পারবে না। আর উলটে ওরা আমাদের ছোট করার চেষ্টা করছে।” ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির এক নির্বাচনী সমাবেশ শেষে আত্মঘাতী হামলা হয় বিলাওয়ালের মা বেনজির ভুট্টোর উপর। বিস্ফোরণে প্রাণ হারান তিনি। এদিন সেকথাই স্মরণ করালেন এইআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। ।

১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি সই করে ভারত ও পাকিস্তান। চুক্তি অনুযায়ী, বিতস্তা ও চন্দ্রভাগার জলের উপরে পাকিস্তানের অধিকার ৮০ শতাংশ, ভারতের ২০ শতাংশ। তবে চুক্তির শর্ত অনুযায়ী, ভারত ওই জল ব্যবহার করলেও তা আটকাতে পারবে না পাকিস্তান। কারণ ভারতের নদীবাঁধ দেওয়া ইসলামাবাদের প্রবল আপত্তি। পহেলগাঁও হামলার পরে সিন্ধু জলচুক্তি নিয়ে চরম পদক্ষেপ করে ভারত। পাকিস্তানকে নোটিস পাঠায়। তারপরই বিলাওয়াল ভুট্টোর ওই মন্তব্য এবং তার কড়া জবাব ওয়েইসির।