পুবের কলম,ওয়েবডেস্ক: সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ফিলিস্তিনের কারামন্ত্রী কাদরি আবু বকরের। শনিবার ইসরায়েল অধিকৃত পশ্চিমতীরে নাবলুসে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, মন্ত্রীর সঙ্গে একজন প্রাক্তন ফিলিস্তিনি বন্দি ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর প্রাক্তন বন্দি কমিশনের চেয়ারম্যান কাদরি আবু বকর শনিবার ফিলিস্তিনি বন্দীদের শিশুদের অনুষ্ঠানে অংশ নেন।
সেখান থেকে ফিরে আসার পর জামাইন শহরের কাছে রুট ৫০৫-এ নিহত হন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আবু বকরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'একজন শক্তিশালী মুক্তিযোদ্ধা হিসাবে আবু বকর তার জীবন ফিলিস্তিন ও এর জনগণকে রক্ষার জন্য ব্যয় করেছেন।' মাহমুদ আব্বাস বলেন, 'আবু বকর সর্বাগ্রে দাঁড়িয়েছেন, জাতীয় কর্ম ও সংগ্রামের সকল ক্ষেত্রে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে।
'স্বাস্থ্য মন্ত্রী মাই আল-কাইলা আবু বকরকে একজন 'সাহসী মুক্তিযোদ্ধা' হিসেবে উল্লেখ করেছেন। আবু বকর ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের ইস্যুতে তার জীবন উৎসর্গ করেন। এই দুর্ঘটনায় একজন প্রাক্তন ফিলিস্তিনি বন্দি বাসেম সাওয়ান ও তার স্ত্রীও নিহত হয়েছেন। আবু বকর ১৯৫৩ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। ২০১৯ সাল থেকে তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।