পুবের কলম,ওয়েবডেস্কঃ রামমন্দিরের ভিত্তিপ্রস্তর কিংবা নয়া  সংসদ ভবন-উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পুজোর ছবির সঙ্গে পরিচিত দেশ। ফের তাকে এই রূপে দেখা গেল। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন কমপ্লেক্সে পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রীতিমতো গেরুয়া শাল পরে দেখা গেল পুজোমগ্ন মোদিকে।
কপালে ছিল চন্দনের ফোঁটা।  ধর্মনিরপেক্ষ দেশে তিনি এভাবে ধর্মীয় আচারের সঙ্গে কমপ্লেক্স উদ্বোদন করছেন বলে সোশ্যাল মিডিয়ায় নিন্দুকরা প্রশ্ন  তুলেছেন।

এদিন পুজোর পর তিনি কমপ্লেক্স নির্মাণকাজে জড়িত  শ্রমিকদের সঙ্গে কথা বলেন ও তাদের সংবর্ধনা দেন। ২৭০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি গড়ে উঠেছে।
ক্যাম্পাস এলাকা প্রায় ১২৩ একর।

কমপ্লেক্সটিকে ভারতের বৃহত্তম এমআইসিই (মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী) হিসেবে গড়ে তোলা হয়েছে। এটিতে কনভেনশন সেন্টার, প্রদর্শনী হল এবং অ্যাম্ফিথিয়েটারসহ একাধিক অত্যাধুনিক সুবিধা রয়েছে। সেপ্টেম্বর মাসে জি২০ শিখর সম্মেলন অনুষ্ঠিত হবে এখানেই।