পুবের কলম প্রতিবেদক: দীর্ঘদিন পরে কালীপুজোর পরের দিনগুলি ও রাতেও শহর কলকাতায় বায়ুদূষণের মাত্রা নেই বললেই চলে। এমন দূষণমুক্ত আবহাওয়া পেয়ে খুশি পরিবেশবিদরা। বিগত কয়েক বছরে দীপাবলির সময়ে রাত ১০টা বাজলেই দূষণের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে যায়। চিন্তায় পড়ে যান বয়স্ক ব্যক্তি ও শিশুদের অভিভাবকরা৷ এবার কিন্তু তা হয়নি।

এ প্রসঙ্গে পরিবেশ প্রযুক্তিবিদ সোমেন্দ্রমোহন ঘোষ বলেন, বিগত কয়েক বছরের ইতিহাসে এমন আবহাওয়া আমরা দেখিনি৷ শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রিত না থাকলেও, বায়ুদূষণের মাত্রা একেবারেই ছিল নিয়ন্ত্রিত। এতে আমাদের পরিবেশ সুরক্ষিত থাকল। তিনি আরও বলেন, কালীপুজোর দিন ছিল সিত্রাংয়ের আশীর্বাদ। আর পরের দিন হল মানুষের সচেতনতার প্রকাশ৷ যা বিগত কয়েক বছরের ইতিহাসে বায়ুদূষণ কম থাকল শহরে।

বাতাসে ভাসমান সূক্ষ্ম ও বড় ধূলিকণা অনেক কম ছিল। দূষণের মাত্রা গত বারের তুলনায়  প্রায় ৫০ শতাংশ কম ছিল।

তথ্য বলছে, বুধবার রাত ১০ টায় ফোর্ট উইলিয়ামে দ্ষূণের মাত্রা ৪৭ ছিল এমজি। এটা গতবার ছিল ২১৪ এমজি।

বিধাননগর অঞ্চলে গতবার বায়ুদূষণের মাত্রা ছিল ২৫৯ এমজি। এবার তা কমে হয়েছে ৪৯ এমজি। বালিগঞ্জে কালীপুজোর রাতে দূষিত ধূলিকণার মাত্রা ছিল ৬২ এমজি। এটা গতবার ছিল ১৯০ এমজি। কোথাও কোথাও নেই বললেই চলে। আর এতেই খুশি পরিবেশবিদরা৷

জানা গিয়েছে,  বুধবার রাতে শহরের সাত কেন্দ্রের রাত ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পাওয়া রিপোর্ট বলছে, প্রতি ঘনমিটারে দূষণমাত্রা বিধাননগর - রাত ৯ টা - ৫১ মাইক্রোগ্রাম, রাত ১০ টা -৫১ মাইক্রোগ্রাম, রাত ১১টা- ৫১  মাইক্রোগ্রাম, বালিগঞ্জ -রাত ৯ টা - ৬২ মাইক্রোগ্রাম, রাত ১০ টা - ৭২ মাইক্রোগ্রাম, রাত ১১ টা - ৬২ মাইক্রোগ্রাম, যাদবপুরে রাত ৯ টা - ৫৬ মাইক্রোগ্রাম, রাত ১০টা - ৬৬ মাইক্রোগ্রাম, রাত ১১ টা - ৬৬  মাইক্রোগ্রাম, রবীন্দ্র সরোবরে রাত ৯ টা - ৫২ মাইক্রোগ্রাম, রাত ১০ টা - ৫২ মাইক্রোগ্রাম, রাত ১১ টা - ৫২ মাইক্রোগ্রাম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় -রাত ৯ টা - ৬৭ মাইক্রোগ্রাম, রাত ১০ টা - ৬১ মাইক্রোগ্রাম, রাত ১১ টা - ৭৩ মাইক্রোগ্রাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল- রাত ৯ টা - ৫৪ মাইক্রোগ্রাম, রাত ১০ টা - ৪৮ মাইক্রোগ্রাম, রাত ১১ টা - ৪৪  মাইক্রোগ্রাম।