পুবের কলম,ওয়েবডেস্ক: পরিবেশ, বায়োডাইভারসিটির নিয়মকানুন  সবকিছু শিকেয় তুলে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার জঙ্গল থেকে মোদির নির্দেশে চিতা ধরে এনে ছাড়া হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। সেই চিতা আবার জঙ্গলে ছাড়তে হাজির ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি। সাফারি টুপি, পোশাক, চশমা পরে চিতার পিছনে গাড়িতে বসে দারুণসব ছবি তুলেছিলেন মোদিজি। ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু শখ মেটালেই তো হল না!
তার যুতসই পরিবেশ থাকা চাই। বন্যেরা বনে সুন্দর...এ কথা যেমন ঠিক,  তেমনই এটাও মনে রাখতে হবে সেটা কেমন বন। সব পরিবেশ সবার জন্য উপযুক্ত নয়। তাই চিতা আনার পর থেকেই একটা একটা করে মরতে শুরু করেছে সংক্রমণসহ নানা কারণে। গত চার মাসে কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে ৮টি চিতার, যা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা বলেই মনে করছে দেশের সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে কেন্দ্রের মোদি সরকার। তিন সদস্যের বেঞ্চের তরফে মোদি সরকারকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুত পরিস্থিতির মোকাবিলায় সদর্থক পদক্ষেপ নিতে হবে। বিষয়টি যেন প্রেস্টিজ ইস্যু না হয়ে ওঠে।

প্রধানমন্ত্রীর ইচ্ছেতে ভিন দেশের চিতা নিয়ে এসে এ দেশে মারা যাচ্ছে-এ কথা বিশ্বে ছড়িয়ে পড়লে প্রেস্টিজ থাকবে না, সেটাই বলতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন এতগুলো চিতা মারা গেল, এর প্রতিকারে কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে- মোদি সরকারের কাছে এ সবের জবাব চেয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।