চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
এ বছর মাধ্যমিক পরীক্ষায় সামগ্রিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ১৩১ জন পরীক্ষার্থী। প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৯৮, যা শতাংশের হিসেবে ৯৯.৭১।
এ বারের ফলাফলে জেলার নিরিখে পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা।
আরও পড়ুন:
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে অভিরূপ ভদ্র। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ-এর সারদা বিদ্যামন্দির-এর ছাত্র অভিরূপের প্রাপ্ত নম্বর ৬৯৮।
শতাংশের হিসেবে যা ৯৯.৭১। ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই খুশির আবহ পরিবার ও স্কুলজুড়ে।অভিরূপ স্বপ্ন আইআইটি থেকে পড়ার। নিজেকে সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে দেখতে চায় সে। তাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে।
দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রিয়তোষ মুখোপাধ্যায়। বীরভূম-এর সরোজিনী দেবী সরস্বতী শিশু বিদ্যামন্দির-এর এই ছাত্র পেয়েছে ৬৯৬ নম্বর।
তৃতীয় স্থানে রয়েছে মোট তিন জন পরীক্ষার্থী। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৯৫। তারা হল—
সৌর জানা — নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, অঙ্কনকুমার জানা — রামকৃষ্ণ শিক্ষামন্দির,মৈনাক মণ্ডল — বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল।