পুবের কলম প্রতিবেদক: রাজ্যের সচিবালয়ের কর্মীদের পদোন্নতির জন্য এবার বড়সড় পদক্ষেপ করল মমতা সরকার। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সচিবালয়ের কর্মীদের পদোন্নতির জন্য মোট ৩১৬টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
নবান্ন সূত্রে খবর, যে নতুন পদগুলির অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে আছে সেকশন অফিসার থেকে অ্যাডিশনাল সেক্রেটারি।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৩১ মে মুখ্যমন্ত্রী নবান্নে বিভিন্ন কর্মী সংগঠনের সঙ্গে বৈঠকে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
সেই সূত্রেই এই নতুন পদের সৃষ্টি। একইসঙ্গে জানা গিয়েছে, কর্মীদের মডিফায়েড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের সুবিধা আরও সম্প্রসারিত করার প্রস্তাবেও সোমবার রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।আরও পড়ুন:
নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের সচিবালয়ে একজন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ পদে যোগ দিয়ে পদোন্নতি পেয়ে এতদিন জয়েনট সেক্রেটারি হতে পারতেন। এবার তাঁদের জন্য ১০টি অতিরিক্ত সচিবের পদও সৃষ্টি করা হল।
আরও পড়ুন:
অন্যদিকে, সচিবালয়ের কর্মীদের জন্য সেকশন অফিসারের সংখ্যা ৪৭০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬০০। পাশাপাশি ওএসডি বা স্পেশাল অফিসার পদ ২০৮ থেকে বাড়িয়ে ৩০০ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেড়ে হয়েছে ১৫০টি আর ডেপুটি-সেক্রেটারির পদও ১১৪ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৫০। জয়েন্ট সেক্রেটারির পদ ২০ থেকে বেড়ে হল ৩০টি। স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা।